জাহাঙ্গীর চৌধুরী রিফাত দিরাই প্রতিনিধি:
জুন ২৩, ২০২৫, ০৫:১২ পিএম
googlenews
দিরাইয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রধারীদের গুলি: পথচারী নিহত, আটক ৪
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রধারীদের গুলিতে আবু সাইদ (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
রোববার বিকাল ৫টা থেকে রাতভর কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেনের কথিত বাহিনীর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আকিলনগর গ্রামে গুলি চালালে পাশের তারাপাশা গ্রামের বাসিন্দা আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে পাশের জগন্নাথপুর উপজেলার গাদিয়ারগাঁও এলাকায় আশ্রয় নিলে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে সেনাবাহিনী।
আটক ব্যক্তিরা হলেন—তাজউদ্দিন, আমির উদ্দিন, জমির উদ্দিন ও হীরন মিয়া।
১৭ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরার হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একচ্ছত্র আধিপত্য, গ্রামবাসীকে মামলা-হামলার মাধ্যমে হয়রানি ও নিজস্ব অস্ত্রধারী বাহিনী দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে। সম্প্রতি তার বাহিনী প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে গ্রামবাসীর ঘরবাড়িতে হামলা চালায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই সেনাবাহিনী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানার পাশ্ববর্তী জগন্নাথপুর থানায় নেওয়া হয়েছে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com