সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
‘আত্মবিশ্বাসে আত্মরক্ষা’ এই স্লোগানকে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নারীদের ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হল প্রাঙ্গণে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে পরিবেশবাদী যুবসংগঠন ‘গ্রীন ভয়েস’ এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’ ইবি শাখা। যেটি চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম. শামছুল হক ছিদ্দিকী। এসময় সংগঠনটির সাবেক সভাপতি এস এম সুইট, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ ও বহ্নিশিখার সমন্বয়কারী মায়মুনা সুলতানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েস এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন ‘বহ্নিশিখা’ এবং ‘বলীয়ান নারী’ কার্যক্রমের সহযোগিতায় দেশব্যাপী নারীদের উন্নয়নের জন্য এই কর্মশালা পরিচালিত হচ্ছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় অংশগ্রহণকারীদের আত্মরক্ষার কৌশল, নিরাপত্তা ও সুরক্ষা, শারীরিক ও মানসিক সুস্থতা এবং আত্মবিশ্বাস উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও একজন মনোবিজ্ঞানী দ্বারা মেন্টাল হেলথ সেশন অনুষ্ঠিত হবে।
বহ্নিশিখার সমন্বয়কারী মায়মুনা সুলতানা মিম বলেন, গ্রীন ভয়েসের উদ্যোগে এবং বলীয়ান নারী কার্যক্রমের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এটি নারীদের আত্মবিশ্বাসী ও সচেতন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, বহ্নিশিখা নারী ও শিশু অধিকার রক্ষায় গ্রীন ভয়েসের একটি শক্তিশালী প্রচেষ্টা। নারীদের শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। আশা করি এই প্রশিক্ষণ নারীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা শারীরিক, মানসিক ও আত্মরক্ষামূলক কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু দেশে ১৬ বছর হলেই এই আত্মরক্ষামূলক কার্যক্রম বাধ্যতামূলক করা হয়। গ্ৰীন ভয়েসকে এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের জন্য সাধুবাদ জানাই। আমি চাই, এই আয়োজন শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ না থেকে সকল বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ুক।

