নুরুল আবছার নূরী
ঋণ পুনঃতফসিলের কারণে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরকে ঋণ খেলাপি তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। ফলে আইনগতভাবে তিনি এখন আর ঋণ খেলাপি হিসেবে গণ্য হবেন না।
২২ জানুয়ারী বৃহস্পতিবার আগের স্থগিতাদেশ প্রত্যাহার করে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এদিন আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেছিলেন। সেদিন প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।
আইনজীবীরা জানান, প্রিমিয়ার লিজিংয়ের কাছে সারোয়ার আলমগীরের পাওনা ঋণের পরিমাণ ১৬ কোটি ৭৪ লাখ টাকা। এছাড়া পাঁচটি ব্যাংকে তার মোট ঋণের পরিমাণ ২১৪ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে প্রার্থিতা ফিরে পেতে চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের দায়ের করা রিট আবেদন আগামী রোববার (২৫ জানুয়ারি) শুনানির জন্য নির্ধারিত রয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
উল্লেখ্য, এর আগে হাইকোর্ট সারোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

