নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার
৪৪তম বিসিএসে গেজেটেড কর্মকর্তা হিসেবে ডাক ক্যাডারে নিয়োগ পেলেন বাগান বাজারের সন্তান খালিদ মামুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকার মেধাবী সন্তান মোহাম্মদ খালিদ মামুন মজুমদার।
৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ৪৪তম বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক) ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (ডাক) ক্যাডারের মেধা তালিকায় অত্যন্ত সফলতার সাথে স্থান করে নিয়েছেন তিনি। তার এই সাফল্যে বাগানবাজার ইউনিয়নসহ পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে। একজন পরিশ্রমী ও স্বপ্নবাজ তরুণ হিসেবে খালিদ মামুন সমাজ ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্য নিয়ে দীর্ঘ প্রস্তুতির পর এই কৃতিত্ব অর্জন করলেন।
খালিদ মামুনের শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে জঙ্গল দাঁতমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুমিল্লার ঐতিহ্যবাহী ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। উচ্চশিক্ষায় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
নিজের এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে খালিদ মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দীর্ঘ অপেক্ষার পর দেশের সেবায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যুক্ত হতে পারা তার জন্য পরম প্রাপ্তি। বাগানবাজারের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে বিসিএস ক্যাডার হওয়ার এই দৃষ্টান্ত স্থানীয় তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

