নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়িতে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয় দিয়ে সারাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে হবে।
৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে ধানেষ শীষের প্রার্থী আলহাজ্ব সরওয়ার আলমগীরের এক নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার বিএনপির আয়োজনে জনসভায় সভাপত্বি করেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার গঠনের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য একটি নির্বাচিত সংসদ ও নির্বাচিত সরকার দরকার, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাহলেই মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। সে কারণেই ১২ তারিখের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমীর খসরু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন- ফজরের নামাজ নয় তাহাজ্জুদের নামাজ আদায় করেই ভোটকেন্দ্রে যেতে হবে। গত ১৭–১৮ বছরে আমরা যে ত্যাগ স্বীকার করেছি— ঘুম খুন হয়েছে, মৃত্যু বরণ করেছে, বারবার কারাগারে গিয়েছি—১২ তারিখ সেই ত্যাগের পূর্ণ জবাব দিতে হবে।
জয়ের বিষয়ে তিনি বলেন, ১২ তারিখ ভোটে জিতলেই হবে না, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জয় দিয়ে সারাদেশের মানুষ ও বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছাতে হবে।
তার ভাষায়, বাংলাদেশের মানুষ শান্তি চায়, সহনশীল রাজনীতি চায়, পরস্পরের প্রতি সম্মানবোধের রাজনীতি চায়। মানুষ জীবনযাত্রার মান উন্নত করতে চায়, কর্মসংস্থান চায়, শিক্ষিত ও মেধাবী জাতি গড়ে তুলতে চায়। বাংলাদেশের মানুষ তার স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ দেখতে চায়।
তিনি বলেন, কোনো বিদেশি শক্তির বাংলাদেশকে পরিচালনা করার সুযোগ নেই, এটাই এ দেশের মানুষের আকাঙ্ক্ষা।
বাংলাদেশের কঠিন সময়ের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, বারবার সংকটময় মুহূর্তে বাংলাদেশের মানুষ একটি দলের ওপর আস্থা রেখেছে, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ফটিকছড়ি এলাকার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, ফটিকছড়ির যে সম্ভাবনা রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে। ইনশাল্লাহ, আমরা এই এলাকার সব সম্ভাবনাকে কাজে লাগাবো, যাতে ফটিকছড়ির মানুষ সরাসরি লাভবান হয়।
তিনি আরও বলেন, যে অঞ্চলে উন্নয়ন সম্ভব নয় বলে ধরা হয়, সেই অঞ্চলকেই কাজে লাগিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।
শেষে তিনি বলেন, ১২ তারিখ রাতে আপনাদের কাছ থেকে যে খবরটি শুনতে চাই, তা শুধু জয় নয়—বিশাল ব্যবধানে জয়। এটি কোনো দলের জয়ের বার্তা নয়, এটি হলো বাংলাদেশের মানুষ আসলে কী চায়, তার স্পষ্ট প্রকাশ। অনুষ্ঠান সঞ্চালন করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আহমদ হোসেন তালুকদার ও যগ্ন সদস্য সচিব নাজিমুদ্দিন শাহীন। আরও বক্তব্য রাখেন মোবারক হোসেন কাঞ্চন, বেগম নুরী আরা ছাপা,সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদুল আজম, বি,এন পি’র নেতা মহি উদ্দিন আজম তালুকদার, বি,এন,পি’র নেতা জহির আজম, নবযোগদান কারি নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর মাহমুদ প্রমুখ।

