ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বুটেক্সে ছাত্ররাজনীতিবিরোধী বিক্ষোভ: প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ‘সাধারণ শিক্ষার্থী’ বেশে ছাত্রদলের ইফতার

admin
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

তানভীর হোসেন, বুটেক্স প্রতিনিধি:

২২ ফেব্রুয়ারি ২০২৬

​বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ছাত্রদলের ব্যানারে ইফতার কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত দলীয় ব্যানার ছাড়াই ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে হলে ইফতার করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

​বিক্ষোভ ও প্রশাসনের অবস্থান

​আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই বুটেক্সে হবে না’—এমন নানা স্লোগান দেন।

​শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দিন বলেন, “হলের পরিবেশ অরাজনৈতিক রাখতে আমরা বদ্ধপরিকর। পড়াশোনার পরিবেশ রক্ষায় কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

​বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অবৈধ। অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

​হলের নিষেধাজ্ঞা ও ছাত্রদলের কৌশল

​ঘটনার সূত্রপাত হয় গতকাল ২১ ফেব্রুয়ারি, যখন ছাত্রদল শহীদ আজিজ হলে দলীয় ব্যানারে ইফতার কর্মসূচির ঘোষণা দেয়। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আজ আন্দোলনে নামলে বিকেল ৩টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আহসান হাবীব একটি জরুরি নোটিশ জারি করেন। নোটিশে হলের অভ্যন্তরে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো রাজনৈতিক কর্মসূচি বা সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

​তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ছাত্রদলের সিনিয়র নেতারা হল প্রভোস্টের কক্ষে গিয়ে দেখা করেন। সেখানে তারা ‘সাধারণ শিক্ষার্থী’ হিসেবে ইফতার করার অনুমতি চান। প্রশাসনের অনুমতি মেলার পর দলীয় কোনো ব্যানার বা পোস্টার ছাড়াই তারা ইফতার সম্পন্ন করেন।

​শিক্ষার্থীদের দাবি

​আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শোয়াইব আল জান্নাত বলেন, “আইনত রাজনীতিমুক্ত ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোনো আয়োজন মেনে নেওয়া হবে না। আমরা ৮ আগস্টকে ‘বুটেক্স ছাত্ররাজনীতি মুক্ত দিবস’ ঘোষণার দাবি জানাচ্ছি।”

​উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে বুটেক্সের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে রমজানের শুরু থেকেই বিভিন্ন এলাকাভিত্তিক সংগঠনের ব্যানারে ছাত্রদলের এই ধরনের কর্মসূচি অব্যাহত রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।