নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে না এলে বা নির্ধারিত সময়ের আগে বিনা অনুমতিতে চলে গেলে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ। আদেশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মেস্থলে অনুপস্থিতি, অফিস ত্যাগ ও বিলম্বে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ। সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিটের আগে এবং রমজান পরবর্তীসময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে। দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম-সচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে। একই সঙ্গে বিধিমালা অনুযায়ী অফিস ত্যাগের নির্ধারিত রেজিস্টারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

