ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ ২৭.০২.২০২৬
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় চার বছরের শিশু তাবাসসুম হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামি মোঃ আবু তাহেরকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।
চার বছরের শিশু তাবাসসুম খুনের সাথে জড়িত মোঃ আবু তাহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামের বাসিন্দা রফিউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা থেকে আবু তাহেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এবিষয়ে পুলিশ প্রশাসন আরও জানায়, নিষ্পাপ শিশু তাবাসসুম হত্যার মূল রহস্য উন্মোচন ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
সম্প্রতি, ২৫ ফেব্রুয়ারি বুধবার নিখোঁজ হয় ছোট্ট শিশু তাবাসসুম। নিখোঁজের চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদুরগাছা আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি সেপটিক ট্যাংকে মেলে তার ক্ষত-বিক্ষত বস্তাবন্দী মরদেহ। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ, উৎকণ্ঠা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এদিকে, চার বছরের ছোট্ট শিশু তাবাসসুম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার ও কঠিন শাস্তির দাবি জানিয়েছেন শোকাগ্রস্থ এলাকাবাসী। একই সাথে, এমন মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার পর অতি দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় সরকার ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা।

