মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
রোববার (৮ মার্চ) ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খালিশপুর থানাধীন ই-২৬ হাউজিং এস্টেট এলাকার আব্দুস সালামের চারতলা ভবনের চিলেকোঠায় অভিযান চালায়। এ সময় আসামির শয়নকক্ষ থেকে খন্দকার সিরাজুল ইসলাম সৌরভ (২২) নামে এক যুবককে ৭ হাজার ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার সৌরভ খালিশপুর থানার খন্দকার সাইফুল ইসলামের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে র্যাবের অভিযান চলমান রয়েছে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

