ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার পানুয়াছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১১ মার্চ বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হারবাতলী রহমতপুর এলাকায় টহলদল ৭ জন চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখতে পায়।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা ৭টি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাগুলো থেকে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্তে অপরাধ দমনে স্থানীয় জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

