নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
গত ১৩ মার্চ ২০২৬
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুইশত লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার ছয়সূতি ইউনিয়নের কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বক্তারমারা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বক্তারমারা ব্রিজ এলাকা থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
কুলিয়ারচর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার একজন কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

