মোঃ আমিরুল হক,জেলা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার ব্রাকপাড়া গ্রামের ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রাম এলাকার সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে যান। ট্রাক থেকে নেমে তিনি ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন। একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাকটি সিরিয়ালে রেখে পাম্পের সামনে অপেক্ষা করছিলেন।
এ সময় একটি মাহেন্দ্র গাড়ি পাম্প থেকে তেল নিচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পাম্পে ঢুকে পেছন থেকে মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেয় এবং সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্র জব্দ করেছে। তবে ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতদের মরদেহ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com