মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জব্দকৃত ১৩৮ টুকরা কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর আগে সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সুপারি বাগান এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।
সেনাবাহিনীর দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির মোট ১৩৮ টুকরা গোল কাঠ জব্দ করা হয়।
অভিযানকালে বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিন উপস্থিত ছিলেন। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে পাচারের সঙ্গে জড়িত। সেনাবাহিনীর এ অভিযানে চক্রটির একটি বড় চালান আটক করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com