মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক গৃহবধূ গুরুতর আহতসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ০১ এপ্রিল সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দীপক মন্ডল, হৃদয় মন্ডল, জয় মন্ডল, দিমাংশু মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও অন্তর মন্ডল।হামলায় গৃহবধূ আশালতা মন্ডলের হাত-পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগীর ছেলে শুকলাল বিশ্বাস জানান, হামলায় তাদের পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনি বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন,“ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com