
মাসুদুর রহমান দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তপন চন্দ্র সরকার (৪৫) ও তার স্ত্রী লতা রানী সরকার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান আশপাশের বাসিন্দারা। সঙ্গে সঙ্গে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা ওই দম্পতি আগুনে দগ্ধ হয়ে মারা যান।
স্থানীয় বাসিন্দা সুমন রায় জানান, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতায় ঘর থেকে ধোঁয়া ও আগুন বের হতে থাকে। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতর থেকে লতা রানী সরকারের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বাথরুমের ভেতর থেকে তপন চন্দ্র সরকারের মরদেহ পাওয়া যায়।
আরেক স্থানীয় বাসিন্দা সুবীর চক্রবর্তী ছোটন বলেন, চিৎকার শুনে এসে দেখি বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুইজনের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com