
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে কোতোয়ালি থানার চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম-এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি’র অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে মোঃ ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, তার কাছ থেকে কমলা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে বাদামী কসটেপে মোড়ানো দুই প্যাকেটে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
এ ঘটনায় একটি সিলভার রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো ২১-১২৮৭) জব্দ করা হয়েছে। এছাড়া মোঃ ওবায়দুল হক ভূঁইয়া, মোঃ হাতেম আলীসহ আরও কয়েকজন পলাতক আসামি এ মাদকের সরবরাহকারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com