মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক ও জ্বালানি তেল চোরাচালানসহ সকল ধরনের অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে খাগড়াছড়ির বাবুছড়ায় জনসচেতনতামূলক সভা আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে ব্যাটালিয়ন সদরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী এবং ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, ৪ নং দীঘিনালা ইউনিয়ন এর চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা । এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা এতে অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন,
ঐতিহ্যবাহী ৭ বিজিবি দুর্গম পাহাড়ি সীমান্তের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষায় সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি একটি নিরাপদ সীমান্ত গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”
তিনি আরও জানান, ৭ বিজিবির দায়িত্বাধীন প্রায় ৫৮ কিলোমিটার সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম। প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বিজিবি সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন। মাদক চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং নারী-শিশু পাচার বন্ধে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
অধিনায়ক বলেন,
বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আমরা নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, গরিব-দুঃস্থ মানুষের সহায়তা এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এছাড়া সীমান্তে বহিঃশত্রুর যেকোনো অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভা শেষে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন বিজিবির এই কর্মকর্তা।
সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া
mounata01@gmail.com