রমজান আলী জিসান, খাগড়াছড়ি প্রতিনিধি
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি রাজগিরি নিদর্শন ভাবনা কুঠির বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট তৌহিদুর রহমান পাভেল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে পূজা, দান, প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ভিক্ষু ও স্থানীয় ভক্তবৃন্দ শান্তি ও মানবকল্যাণের প্রত্যাশায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি লেফটেন্যান্ট মো. তৌহিদুর রহমান পাভেল বলেন, “কঠিন চীবর দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য, যা সমাজে পারস্পরিক সহমর্মিতা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। সেনাবাহিনী সর্বদা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের পাশে আছে এবং থাকবে।”
এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন ও সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে যৌথ সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, দায়ক-দায়িকা ও শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন। তারা সেনাবাহিনীর এই মানবিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের সহযোগিতা পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও আস্থা আরও দৃঢ় করবে।
আয়োজকরা জানান, কঠিন চীবর দান উৎসবের মাধ্যমে বৌদ্ধ ধর্মের দান, ধৈর্য ও মানবসেবার আদর্শকে ছড়িয়ে দেওয়া হয়। তারা সেনাবাহিনীর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

