নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার
উত্তর ফটিকছড়ির বৃহত্তর হেয়াকো বাজারে নিয়োজিত নৈশপ্রহরীদের পোশাকে আমেরিকার পতাকা ব্যবহার করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিষয়টি সামনে আসার পর ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকে মন্তব্য করে বলেন, “বাংলাদেশের বাজারে দায়িত্ব পালনকারী নৈশপ্রহরীর পোশাকে বাংলাদেশের পতাকা থাকা উচিত, আমেরিকার নয়।” আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করে লিখেছেন, “নৈশপ্রহরী হেয়াকো বাজারের, কিন্তু পোশাক দেখে মনে হচ্ছে আমেরিকার আর্মি!”
কেউ কেউ রসিকতার ছলে মন্তব্য করেন, “এবার বুঝি হেয়াকো বাজার পাহারা দেবে আমেরিকার আর্মি!”
এমনকি কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “এরা কি আমেরিকা থেকে হায়ার করে আনা হয়েছে?”
কিছু মন্তব্যে বিষয়টিকে অতিরঞ্জিত করে বলা হয়েছে, “আমেরিকান আর্মি কম হয়ে গেছে, সরাসরি FBI দিয়ে পাহারার দাবি জানাচ্ছি।”
তবে সব মন্তব্যই যে কটাক্ষমূলক ছিল তা নয়। অনেক সচেতন নাগরিক বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, পোশাক বড় বিষয় নয়, মূল বিষয় হলো দায়িত্বপ্রাপ্ত নৈশপ্রহরীরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না। একজন মন্তব্যকারী বলেন,
“যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা যদি ঠিকমতো ডিউটি করে, তাহলে বাজারের ব্যবসায়ীরা নিরাপদে থাকবেন।”
এছাড়া বাজার কমিটির প্রতি অনুরোধ জানিয়ে কেউ কেউ বলেন, নৈশপ্রহরীদের মাসিক বেতন নিয়মিত পরিশোধ করা, তাদের সঙ্গে মানবিক আচরণ করা এবং কোনো ধরনের হয়রানি বা হুমকি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। কেউ যদি নৈশপ্রহরীদের সঙ্গে দুর্ব্যবহার করে, সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
স্থানীয়দের অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত প্রহরীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে রাতের বেলায় হেয়াকো বাজার আরও নিরাপদ হবে।
এ বিষয়ে বাজার কমিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

