সজীব হাসান ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত সজিব প্রামানিক উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে। জানা যায়, নিহত সজিব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাব গাছ থেকে ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মা (পালক) মাসুদা জানান, রাত আনুমানিক ৩টার দিকে সজিব বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে ভোরে তার মৃত্যুর খবর পান। নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত তিনটা পর্যন্ত সজিব বাড়িতে ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি। স্থানীয়রা জানান, সজিব পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং তিনি নিয়মিত নেশা করতেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

