মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।
দীঘিনালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর সদর দপ্তরে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি; ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসনাইন আলভী; আরএমও ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন; কিউএম ক্যাপ্টেন সাব্বির আহমেদ এবং অ্যাডজুটেন্ট লে. জাওয়াদ মোহাম্মদ জাহিদ।
এছাড়া সভায় কবাখালী, বাবুছড়া, দীঘিনালা ও বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. সোহেল রানা, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি এবং উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় জোন কমান্ডার উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে মাদক ও জুয়া প্রতিরোধে স্থানীয়দের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, দীঘিনালা জোন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। মাদকবিরোধী কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

