সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
০২.০৩.২০২৬
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৩ জন বাংলাদেশী নাগরিক কে আটক করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি ভোরে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ মাধবখালী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৭১/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদবখালী গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
অপরদিকে, ২৭ ফেব্রুয়ারি রাতে নতুনপাড়া বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৬৫/৪-এর কাছে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩৩ বোতল বিভিন্ন ধরনের মাদক সিরাপ (WINCEREX & ESKUF) উদ্ধার করে।
এদিকে, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। ২৭ ফেব্রুয়ারি বিকেলে বাঘাডাঙ্গা বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৬০/৩৯-এর কাছে ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে, যারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, ২৮ ফেব্রুয়ারি সকালে কুসুমপুর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৬১/১৬-এর নিকট থেকে ১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তল্লাশির সময় তার কাছ থেকে একটি বোল্ট কাটার উদ্ধার করা হয়, যা ব্যবহার করে তিনি সীমান্ত বেড়া কেটে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন।
মহেশপুর ব্যাটেলিয়ান (৫৮বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

