সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১১.০৩.২০২৬
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার উদ্দেশ্যে অংশীজনদের সাথে ঝিনাইদহে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকালে বারোবাজার হাইওয়ে থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ খুলনা রিজিওনের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার (বিপিএম), হাইওয়ে পুলিশ যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ফখরুল আলম, অফিসার ইনচার্জ চৌড়হাঁস হাইওয়ে থানা, রামনগর হাইওয়ে থানা, আরাপপুর হাইওয়ে থানা, নাভারন হাইওয়ে থানা, বারোবাজার হাইওয়ে থানা এবং ঝিনাইদহ, যশোর, মাগুরা ও কুষ্টিয়া জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন জেলা থেকে আগত পরিবহন মালিক, শ্রমিক ও সাংবাদিকদের পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন। সেইসাথে সীমাবদ্ধতা ও তা থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করেন।
অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর।

