নুরুল আবছার নূরী
মহান স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় দিবসে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়ণহাট শিক্ষা কমপ্লেক্সে কোনো ধরনের আনুষ্ঠানিকতা দেখা না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
দেখা যায়, ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্তও শিক্ষা কমপ্লেক্স #প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো পুষ্পস্তবক অর্পণ বা আনুষ্ঠানিক কর্মসূচি লক্ষ্য করা যায়নি। অথচ একই কমপ্লেক্সে একটি উচ্চ মাধ্যমিক, একটি মাধ্যমিক এবং একাধিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ বিষয়টিকে দায়িত্বহীনতা ও জাতীয় দিবসের প্রতি চরম অবহেলা হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, মহান স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে, বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেখানে এ ধরনের অবহেলা জাতির জন্য লজ্জাজনক।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের দাবি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

