ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে পদ্মায় নদীতে অভিযানে সোয়া লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

admin
এপ্রিল ১৩, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ॥

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) পরিচালিত এ অভিযানে দৌলতদিয়া নৌ-পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালীন সময় ১ লক্ষ ২০ হাজার মিটার দৈর্ঘ্যের অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যা জাটকা নিধনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের জাল ব্যবহারের ফলে নদীর মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ইলিশ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। পরে জব্দকৃত এসব অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা লিফলেট বিতরণ করা হয় এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এবং মৎস্য সম্পদ সুরক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং ইলিশের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজনীয়।