রমজান আলী জিসান, খাগড়ছড়ি প্রতিনিধি: 
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেতু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন চৌধুরী, সভাপতি—জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ি এবং মো. ফোরকান হাওলাদার, সভাপতি—লক্ষীছড়ি বাজার পরিচালনা কমিটি। এছাড়া জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোবারক হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় লক্ষীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও হাজাছড়ি উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত পর্বে লক্ষীছড়ি মডেল স্কুলকে পরাজিত করে হাজাছড়ি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কর্মকাণ্ড দুর্নীতি প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৎ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।
শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

