নিজস্ব প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অনুষ্ঠিত হলো পালানাট্য রূপচাঁন সুন্দরী। ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের পরীক্ষার অংশ হিসেবে এই প্রযোজনাটি আয়োজন করা হয়। গতকাল ৭ই সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইউটিলিটি ভবনের স্টুডিও ল্যাবরুমে এ পালা পরিবেশিত হয়।
এবার মাস্টার্স ৬ষ্ঠ ব্যাচের ব্যবহারিক পরীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীরা একযোগে মঞ্চে পরিবেশন করে বাংলার ঐতিহ্যবাহী পালানাট্য রূপচাঁন সুন্দরী। প্রযোজনার প্রশিক্ষক ছিলেন সায়িক সিদ্দিকি এবং কোর্স শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. মো. আব্দুল হালিম প্রামানিক।
বাংলার নাট্যঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ পালানাট্যকে নতুনভাবে প্রাণ দিয়েছে শিক্ষার্থীদের অভিনয়, সুর ও মঞ্চ উপস্থাপনা। পুরো নাট্যকলা ভবন ছিল শিক্ষার্থী ও শিক্ষকদের উচ্ছ্বাসে মুখর।
নাট্যকলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের নিজস্ব নাট্যরীতি ও শেকড়ের সঙ্গে যুক্ত শিল্পচর্চাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার এই উদ্যোগ কেবল শিক্ষার্থীদের শেখার ক্ষেত্র নয়, বরং নাট্যাঙ্গনে পালানাট্যের মর্যাদা আরও সুদৃঢ় করবে।
পালার রচয়িতা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শোকর আলহামদুলিল্লাহ! জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আমাকে এবং আমার পালানাট্যকে যেভাবে ভালোবাসা ও সম্মান দিয়েছে, আমি তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। পালানাট্য বাংলার নাটক, শোনো হে বিশ্বদরবার। পালার মাটিতে জন্ম আমার, আমরা সবাই পালাকার।”
এই আয়োজনের মাধ্যমে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা কেবল একটি ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করলেন না, বরং বাংলার ঐতিহ্যবাহী পালানাট্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও স্মরণ করিয়ে দিলেন।

