সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় পরিত্যক্ত পানির সেচ মেশিন ঘর থেকে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১১ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে উপজেলার পূর্ব তেকানী চুকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ওই এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব তেকানী চুকাইনগর গ্রামের মোঃ মিলটনের পরিত্যক্ত পানির সেচ মেশিন ঘর থেকে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ১১০ পিস ইয়াবা ১ নম্বর আসামির কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মামুন মিয়া (২৬), পিতা: মোঃ শাহাজান মন্ডল এবং মোঃ আল আমিন (২৬), পিতা: মোঃ আমলালী মন্ডল। তাদের উভয়ের বাড়ি পূর্ব তেকানী চুকাইনগর গ্রাম, থানা: সোনাতলা, জেলা: বগুড়া। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক ১০(ক) ও ৪১ ধারায় দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

