মোঃ আমিরুল হক,জেলা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর সদর উপজেলায় আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খাদে পড়ে চালকের সহকারী সজীব হোসেন (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালদিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের পরিবর্তে সহকারী সজীবই ট্রাকটি চালাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা মতিন শেখ বলেন, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কামালদিয়া ব্রিজের ওপর পৌঁছালে চালকের আসনে থাকা সহকারী সজীব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজ থেকে ছিটকে নিচের খাদে পড়ে যায়। এ সময় ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান সজীব ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে আছেন এবং চালক ট্রাকের ভেতরে আহত অবস্থায় পড়ে আছেন। স্থানীয়রা চালককে উদ্ধার করে প্রাথমিকভাবে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। পরে তিনি একটি মাহেন্দ্র গাড়িতে করে সেখান থেকে চলে যান।
এদিকে আলুর বস্তা সরিয়ে দেখা যায়, সজীবের মাথা ও মুখ থেঁতলে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।
আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ জানান, নিহত সজীব হোসেনের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

