ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় ঈদেও নেই যাত্রীচাপ, স্বাভাবিক নিয়মে চলছে পরিবহন

admin
মার্চ ১৮, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হাচান আল মামুন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন খাতে যাত্রীদের ব্যাপক চাপ ও ভিড় লক্ষ্য করা গেলেও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। এখানে এখনো স্বাভাবিক নিয়মেই চলছে যানবাহন চলাচল, তৈরি হয়নি অতিরিক্ত যাত্রীচাপ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, দীঘিনালা বাসস্টেশনসহ উপজেলার বিভিন্ন পরিবহন স্টেশনে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলো প্রতিদিনের মতো নির্ধারিত সিরিয়াল অনুযায়ী যাত্রী পরিবহন করছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত চাপের চিত্র চোখে পড়েনি।
দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলো পূর্বনির্ধারিত ৮০ টাকা ভাড়ায় যাত্রী পরিবহন করছে। একইভাবে স্থানীয় মাহিন্দ্র পরিবহনগুলো ৭০ টাকা ভাড়ায় নিয়মিত চলাচল করছে বলে জানা গেছে।
পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদকে সামনে রেখে এখনো উল্লেখযোগ্য যাত্রীচাপ সৃষ্টি হয়নি। তবে সকালবেলায় ঢাকাগামী এবং ঢাকা থেকে আগত কিছু গাড়িতে তুলনামূলক চাপ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
এদিকে পরিবহন মালিকরা অভিযোগ করেছেন, তারা পর্যাপ্ত পরিমাণ অকটেন ও ডিজেল পাচ্ছেন না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এতে করে পরিবহন পরিচালনায় কিছুটা চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তারা।
অন্যদিকে বাস কাউন্টারগুলোতেও অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়নি। সংশ্লিষ্টরা জানান, প্রতিদিনের মতোই টিকিট বিক্রি কার্যক্রম চলছে। দীঘিনালা থেকে বাইরে যাওয়ার যাত্রী তুলনামূলক কম হলেও ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত যাত্রীর সংখ্যা কিছুটা বেশি রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ জানান, ঈদ উপলক্ষে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিকদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়, তাহলে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে সারাদেশে যাত্রীচাপ বৃদ্ধি পেলেও খাগড়াছড়ির দীঘিনালায় এখনো বিরাজ করছে স্বস্তিদায়ক ও স্বাভাবিক পরিবেশ।