ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হেয়াকো বাজারে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে সাংস্কৃতিক কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পাল্টাপাল্টি অভিযোগ ও বিতর্কের প্রেক্ষিতে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আয়োজক শাকিল চৌধুরী রনি। তিনি জানিয়েছেন, এলাকার আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত কনসার্ট অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর বিষয়টি নিয়ে আলোচনা-পর্যালোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে পুরো আয়োজন বাতিল করা হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ সমাজকে সম্পৃক্ত করে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হবে এবং এতে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানস্থল নির্ধারণ করা হয়েছে হেয়াকো পশ্চিম বাজার ব্রিজ সংলগ্ন এলাকায়।
এদিকে, কনসার্ট বাতিলের সিদ্ধান্তকে স্থানীয় আলেম সমাজ ইতিবাচক হিসেবে দেখছেন। বৃহত্তর ভূজপুর থানা ওলামা পরিষদ-এর নেতৃবৃন্দ ও উত্তর ফটিকছড়ির ওলামায়ে কেরাম আয়োজকদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শালীনতা রক্ষার ক্ষেত্রে এটি একটি দায়িত্বশীল পদক্ষেপ।
অন্যদিকে, বিনোদনমূলক আয়োজন বাতিল হওয়ায় কিছু তরুণ হতাশা প্রকাশ করলেও বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানকে ঘিরে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
এছাড়া, অনুষ্ঠানে শালীনতা বজায় রাখা, উচ্ছৃঙ্খল বক্তব্য ও আচরণ পরিহার করা এবং ভবিষ্যতে ফটিকছড়িতে যেকোনো নাচ-গানের আয়োজনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন আলেম সমাজের নেতারা।

