জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ)।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীব ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঈদের পৃর্বে চাল বিতরণের কথা থাকলেও, বিতরণ না করায়, গোডাউনে রেখে দেন, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৮৫বস্তা জব্দ করা হয়।কার্ড থাকা সত্ত্বেও চাল না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চত্বরে আজ২৯শে মার্চ রবিবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।তাছাড়া সকাল বেলা থেকে অবশিষ্ট চাল বিতরণের কথা থাকলেও অদৃশ্য কারণে বিতরণ হয়নি,
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী ঈদের আগেই তালিকাভুক্ত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও কারপাশা ইউনিয়নে অনেক সুবিধাভোগীকে চাল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঈদের আগে কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে গেলেও ‘চাল নেই’ বলে তাদের বিদায় করে দেওয়া হয়। অথচ বিতরণের জন্য আসা বিপুল পরিমাণ চাল বর্তমানে ইউনিয়ন পরিষদের গুদামে মজুত অবস্থায় রয়েছে।
এই ঘটনার প্রতিবাদে এবং বরাদ্দকৃত চাল দ্রুত বিতরণের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় সাধারণ মানুষ। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, “পেটের দায়ে কার্ড নিয়ে এসেছিলাম, কিন্তু চাল না দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।” স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সরকারের মানবিক সহায়তা গরিবের হাতে না পৌঁছে গুদামে আটকে রাখা একটি বড় অপরাধ। তারা অবিলম্বে এই ঘটনার তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে চাল বিতরণে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন কারপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। তিনি দাবি করেন, “বিতরণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া এবং অনেক কার্ডধারী উপস্থিত না থাকায় কিছু চাল অবিলিত রয়ে গেছে। বিষয়টি আমি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।” নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তিনি আরও বলেন, একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোডাউনে সকল চাল জব্দ করা হয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।ঈদ পরবর্তী সময়ে এই চাল নিয়ে সৃষ্ট জটিলতা এখন নিকলীতে টক অফ দ্যা টাউনে পরিণত হয়েছে।নিকলী উপজেলার সুশীল সমাজের লোকজন এই অনিয়মের দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান উপর মহলের দায়িত্বরত কর্তাব্যক্তিগণের নিকট ।।
জয়দেব আচার্য্য নিকলী প্রতিনিধি
০১৭১০৭৫৫১২০।।।

