নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে দীর্ঘদিনের আলোচিত “ফটিকছড়ি উত্তর উপজেলা” দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন উত্তর ফটিকছড়ির সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল এবং সদস্য সচিব মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুজপুর থানার অধীনস্থ বিস্তীর্ণ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে পৃথক উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছেন। ইতোমধ্যে “ফটিকছড়ি উত্তর উপজেলা” প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে গণশুনানিও সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বিষয়টি প্রাথমিক (প্রশাসনিক কমিটি) পর্যায়ে অনুমোদন লাভ করায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়।
তবে উপজেলা পরিষদ কমপ্লেক্স স্থাপনের স্থান নির্ধারণকে কেন্দ্র করে কিছু মতবিরোধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা বাস্তবায়ন প্রক্রিয়াকে বিলম্বিত করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় সচেতন নাগরিক সমাজ সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ জানিয়ে বলেন, স্থান নির্ধারণ নিয়ে অপ্রয়োজনীয় বিরোধ পরিহার করে জনস্বার্থে দ্রুত উপজেলা বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নিতে হবে। তারা আরও বলেন, এটি কেবল প্রশাসনিক দাবি নয়, বরং উত্তর ফটিকছড়ির মানুষের দীর্ঘদিনের ন্যায্য প্রত্যাশা।
বিজ্ঞপ্তিতে উপজেলা বাস্তবায়ন আন্দোলনে যারা অতীতে নানাভাবে সম্পৃক্ত ছিলেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় অতি শিগগিরই “ফটিকছড়ি উত্তর উপজেলা” বাস্তবে রূপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

