ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘর থেকে অচেতন অবস্থায় আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ এপ্রিল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, কি কারণে মৃ’ত্যু হয়েছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের জ্ঞান ফিরলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছি।

