নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডে উপজেলা পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে নারায়ণহাট আদর্শ ডিগ্রী কলেজ। বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ সর্বাধিক পুরস্কার লাভ করে কলেজটি আবারও তার শিক্ষাগত উৎকর্ষতার প্রমাণ রেখেছে।
উপজেলার কলেজ পর্যায়ে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশে ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নারায়ণহাট আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতার পরিচয় দেয়। তাদের এ সাফল্যে কলেজ পরিবার ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে।
কলেজের অধ্যক্ষ মোঃ তাওহিদুল আলম, উপাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন এবং শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এ কৃতিত্বে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও সুন্দর ও সুষ্ঠু আয়োজনের জন্য উপজেলা প্রশাসন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড,মোঃ সেলিম রেজা ও ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ইউছুফসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
কলেজের এ সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, বরং পুরো নারায়ণহাটবাসীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন মহল।

