মোঃ আবু কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি
ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ প্রকল্পের কাজ দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করতে বিশেষ তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় গতকাল ১১ এপ্রিল ২০২৬, শনিবার প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আবুসাঈদ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সড়কটির প্রস্তাবিত এলাইনমেন্টসহ প্রকল্পের সামগ্রিক কারিগরি বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে সড়কের বাঁক নিয়ন্ত্রণ, ভূমির ব্যবহার এবং নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে তিনি নির্দেশ দেন যেন জনদুর্ভোগ কমিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করা হয়।
প্রকল্প পরিদর্শন শেষে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় এলাকাবাসী প্রকল্পের প্রতি তাদের সমর্থন জানানোর পাশাপাশি ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং যাতায়াত ব্যবস্থা নিয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক মনোযোগ সহকারে স্থানীয়দের কথা শোনেন এবং আশ্বস্ত করে বলেন:
”সরকার জনস্বার্থেই এই বৃহৎ প্রকল্পটি হাতে নিয়েছে। সড়কের প্রশস্থকরণ সম্পন্ন হলে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের ন্যায্য অধিকার ও পাওনা যাতে দ্রুত নিশ্চিত হয়, সেদিকে জেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।”
ভুলতা থেকে শিবপুর পর্যন্ত এই সড়কটি প্রশস্থ হলে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে যাতায়াত ব্যবস্থা আরও সহজতর হবে। দীর্ঘদিনের যানজট নিরসনের পাশাপাশি পণ্য পরিবহনে সময় ও খরচ অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

