নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায়
দেশের নদ-নদী রক্ষায় এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বিভিন্ন সময়ে উপজেলার খিরাম ও বাইন্যেছোলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত সরঞ্জামগুলো আইনি প্রক্রিয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা ড্রেজার রেখে পালিয়ে যায়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৮টি শক্তিশালী ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ড্রেজারগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এসব এলাকায় স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।

