মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ খান (৪২) সহ ৬ জনের বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইটভাটার মালিক মোঃ ইদ্রিস আলী মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ খান, মোঃ নাসির খান, মোঃ আরিফ মোল্লা, মোঃ রাশিদুল, মোঃ মামুন ও মোঃ রাজা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোঃ রইচ খান লোকজন সাথে নিয়ে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লা বাড়িয়া এলাকায় মন্ডল ব্রিকসে গিয়ে ম্যানেজার ও ইঞ্জিন মিস্ত্রিকে ভাটা বন্ধ করতে হুমকি দেয়। পরে বিষয়টি ভাটার ম্যানেজার মালিককে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে আবার রইচ মন্ডল লোকজন সাথে নিয়ে ভাটায় গিয়ে ম্যানেজারকে মারপিট করে। এসময় ম্যানেজারের কাছে থাকা ইট বিক্রির আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ভাটার ইঞ্জিন শ্রমিক মোঃ মমিন বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। ইট পোড়ানোর শ্রমিকরা আমাকে ডেকে বলে কয়েকজন লোক ভাটা বন্ধ করতে বলছে। আমি গিয়ে দেখি রইচ খানসহ কয়েকজন লোক। রইচ খান তার কোমড়ে অস্ত্র দেখিয়ে বলে ভাটা বন্ধ করে চলে যাবি। আমি তাকে বলি আপনি মালিককে বলেন। তিনি হুমকি দিয়ে বলে আমি রইচ খান যা বলি তাই করি, বাঁচতে চাইলে এলাকা ছাড়।
ইটভাটার ম্যানেজার জয়দেব বলেন, রাতে রইচ খান আমাকে হুমকি দিয়ে বলে যায় কাল থেকে আর এই ভাটার ইট বিক্রি করতে পারবি না। এখনই ইট পোড়ানো বন্ধ করতে হবে। তারা চলে গেলে আমি মালিককে বিষয় জানালে রাতেই পুলিশ ভাটায় আসে এবং আমাদের নির্ভয়ে কাজ করতে বলে। সকালে আমি ইট বিক্রি করলে রইচ খান তার লোকজন নিয়ে এসে আমাকে চেয়ার দিয়ে মারপিট করে। অন্যরা কিল-ঘুষি মারে এবং আমার কাছে থাকা নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এখন আমি বাড়ি ফিরতেও ভয় পাচ্ছি। সে আমার মৃত্যুর হুমকিও দিয়ে গেছে।
ইটভাটার মালিক মোঃ ইদ্রিস আলী মন্ডল বলেন, রইচ খান বিএনপি করে আর আমরা অন্য দল করি। এজন্য রইচ মাঝে মধ্যেই আমার কাছে আকার ইঙ্গিতে চাঁদা চায়। আমি বিষয়টি কর্ণপাত করি নাই। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে আমার মোটরসাইকেল অবরোধ করে সাড়ে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনার জের ধরে বুধবার রাতে সে তার লোকজন নিয়ে আমার ভাটায় গিয়ে ম্যানেজারসহ শ্রমিকদের হুমকি দিয়ে যায়। বৃহস্পতিবার সকালে আবার ভাটায় গিয়ে ম্যানেজার কে মারপিট করে এবং ইট বিক্রির নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমরা চাই নিরাপদে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে।
অভিযুক্তরা পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ খানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বুধবার রাতেই মোবাইলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে আবার ওই ঘটনার জের ধরে ভাটার ম্যানেজারকে মারপিট করা হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

