মোঃ আমিরুল হক জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ছাগল চুরি করে বিক্রির চেষ্টাকালে ২ নারী ও পুরুষকে গণধোলাই দিয়েছে জনতা। আটককৃত চোররা হলো, কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের ইসমাইল শেখের ছেলে সোহেল শেখ (৩০) ও রামচন্দ্রপুর গ্রামের মৃত গাজী শেখের স্ত্রী বিলকিস (২৫)। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গরু-ছাগল হাটে এ ঘটনা ঘটে।
ছাগল মালিক বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুটিপাঁচুরিয়া গ্রামের আব্দুল জব্বার বলেন, বাড়ীর পাশে কলার বাগানে ছাগল বেঁধে রাখি। দুপুরে ছাগল আনতে গিয়ে দেখতে পাই আমার দু’টি ছাগল নেই। লোকজন বলে কলার পাতা দিয়ে ছাগল রিক্সায় করে নিয়ে যায়। পরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে এসে হাতেনাথে ২জন চোরকে ছাগলসহ আটক করি। উত্তেজিত জনতা তাদেরকে মারধর করে। পরে ইউনিয়ন পরিষদে তাদের আটকে রাখা হয়। পুলিশ আসার পর রাজবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় রহমান শেখ বলেন, এরা চিহিৃত চোর। বিভিন্ন স্থান থেকে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে। গত শনিবার ছাগল চুরি করে বহরপুর বাজারে এনে বিক্রি করার সময় ধরা পড়ে। সেখানে মহিলা বিধায় তাকে ক্ষমা করে ছেড়ে দেয়। সোমবার আবারও বানিবহ বাজারে ধরা পড়েছে। তাদেরকে আইনের আওতায় আনা উচিত।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

