মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী:
তেলের দাম বৃদ্ধি পেলেও বাস ভাড়া না বাড়ায় লোকসান গুনতে হচ্ছে মালিক ও শ্রমিকদের। বাস ভাড়া বৃদ্ধির দাবীতে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অর্ন্তভূক্ত রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুলে অবস্থিত রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক। তিনি বলেন, মধ্য প্রাচ্যে যুদ্ধের কারণে বংলাদেশে তার প্রভাব পড়ায় জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে। বর্তমানে সংস্থাভূক্ত বাস-মিনিবাসের তেল সংগ্রহ করতে শ্রমিকগণ প্রচন্ড গরমের মধ্যে দিনরাত তেলের পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থ্য হয়ে পড়ছে। অন্য দিকে গত ১৯ এপ্রিল সরকার হঠাৎ করে জ্বালানী তেলের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছেন। কিন্তু বাস-মিনিবাসের ভাড়া এপর্যন্ত পূনঃনির্ধারণ করেননি। বর্তমানে সরকার কর্তৃক নির্দ্ধারিত মূল্য দিয়ে তেল ক্রয় করে গাড়ী চলাচল অব্যহৃত রাখায় বাস-মিনিবাসের মালিকগণ ব্যবসায়িক ভাবে মারাত্বক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এমনকি তারা গাড়ীতে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পারিশ্রমিক প্রদান করতে পারছেন না। বিধায় শ্রমিক-কর্মচারীগণ পারিশ্রমিক না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এ জন্য সরকার কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে জ্বালানী তেলের বর্তমান মূল্যের আনুপাতিক হারে বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি করে সুষ্ঠ গাড়ী চলাচল অব্যহৃত রাখার জন্য দাবী জানাচ্ছি।
তিনি বলেন, প্রতিদিন ঢাকাগামী গাড়ী প্রতি ১৫শত টাকা, লোকাল গাড়ী ১ হাজার টাকার মতো লোকসান গুনতে হচ্ছে। এ কারণে দ্রুত বাস ভাড়া পুর্ণনির্ধারণ করার দাবী জানান।
এসময় রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মোঃ মুরাদ হাসান, সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবলু ব্যাপারী, মোঃ রইচ উদ্দিন বাবু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মোল্লা, নির্বাহী সদস্য মোঃ আবিদুর রহমান টিটু, মোঃ নুরউদ্দিন শেখ, বিপ্লব কুমার দত্ত, বিকাশ রঞ্জন সরকার, মকিবুর রহমান বাবু, মোঃ আজিজুল হক বাবু, মোঃ আব্বাস উদ্দিন, রাজবাড়ী জেলা বাস মিনিবাস কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রমজান আলী প্রমুখ।

