ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে নারী ব্যাংক কর্মকর্তা ও তার ছেলেকে মারপিটের অভিযোগ

admin
এপ্রিল ৫, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ভেতরে ডিউটি অফিসারের কক্ষে এক নারী ব্যাংক কর্মকর্তা ও তার ছেলেকে মারপিট এবং শ্লীলতাহানির অভিযোগে মামলা করা হয়েছে।

রবিবার (৫ এ‌প্রিল) বালিয়াকান্দি থানায় মামলাটি করেন অগ্রণী ব্যাংক বালিয়াকান্দি এসএমই শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক আকতারী পারভীন হ্যাপী (৪৭)।
এর আগে শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, শ‌নিবার দুপুর সাড়ে ১২টার দিকে ছেলে রাআতুল (১৯) ও বন্ধু মারুক আল মাইয়ান (১৭) বালিয়াকান্দি বাজারের ভাই ভাই পেট্রল পাম্পে তেল নিতে যান। পাম্পে ভিড় থাকায় পাশের মামুনের মুদি দোকানের সামনে মোটরসাইকেল রেখে বোতলে পেট্রল আনতে গেলে পাম্প কর্তৃপক্ষ বোতলে পেট্রল দিতে অস্বীকার করে। ফিরে এসে তারা মোটর সাইকেলটি খুঁজে পায়নি।

পরে জানা যায়, স্থানীয় শিমুল বালার গ্যারেজের এক কর্মচারী ভুলবশত মোটর সাইকেলটি তাদের গ্যারেজে নিয়ে রাখেন। বিকেল সোয়া পাঁচটার দিকে সেখান থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।

মোটর সাইকেল পাওয়ার পর থানায় আগে করা অভিযোগ প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে বাদী, তার ছেলে, ছেলের বন্ধু ও তার বাবা শাহজাহান আলী সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থানার ডিউটি অফিসারের কক্ষে বসেন। এ সময় বিবাদীর বাবা আক্তারুজ্জামানও ঘটনা সম্পর্কে জানাতে থানায় আসেন। 

রাত পৌনে আটটার দিকে বিবাদী জিসান ডিউটি অফিসারের কক্ষে ঢুকে রাআতুলকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন। ছেলেকে বাঁচাতে গেলে বিবাদী ব্যাংক কর্মকর্তা আকতারী পারভীনকেও গলাটিপে ধরেন এবং তলপেটে লাথি মারেন।

এ সময় তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানিও করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

মা-ছেলের চিৎকার শুনে ডিউটি অফিসারসহ থানার পুলিশ ছুটে এসে মারধর থামায়। এরপর বিবাদী জিসান প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
আহত মা ও ছেলে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে থানায় ফিরে এজাহার দেন বাদী।

বা‌লিয়াকা‌ন্দি থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।