মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরে আদালতে চলমান দুটি মামলায় জাল ওকালতনামা এবং বাংলাদেশ বার কাউন্সিলের জাল স্টিকার ব্যবহারের অভিযোগে বারের কর্মচারী তহিদুল ইসলাম তৌহিদ (৩৮)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ খয়রাত আলী বাদী হয়ে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
আদালত মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, দিনাজপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিচারাধীন কোতোয়ালি থানার সাধারণ ডায়েরি নং-৬৮ (তারিখ: ০৪/০২/২০২৬) সংশ্লিষ্ট মামলায় জেলা আইনজীবী সমিতির ওকালতনামা নং-৪৫৩৬ এবং বাংলাদেশ বার কাউন্সিলের স্টিকার নং ২০৬৩২৬৯২ জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হয়। একইভাবে কোতোয়ালি থানার মামলা নং-৩২ (তারিখ: ১৫/০২/২০২৬, জিআর নং-১০৯/২০২৬)-এ স্বাক্ষীর স্বাক্ষর জাল করে তা আদালতে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এতে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলের আর্থিক ক্ষতিসাধন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামির বিরুদ্ধে পূর্বেও অনুরূপ একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে।
মামলায় চারজনকে সাক্ষী করা হয়েছে। তারা হলেন— জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হালিম, বিশেষ পিপি অ্যাডভোকেট কবির বিন গোলাম চার্লি, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদা ইয়াসমিন তানিন।

