মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার ঝর্ণা (৬৬) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার ঝর্ণা বালিয়াকান্দি উপজেলার মধু মোল্লার মেয়ে ও বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।
জানা গেছে, আজ সকালে বৃদ্ধা সেলিনা আক্তার ঝর্ণা তার মেয়ে ও মেয়ে জামাই এর সাথে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে একটি জরুরী কাজে আসে। সে তার মেয়ে ও মেয়ের জামাইকে বসিয়ে রেখে রিকশা নিয়ে রেলগেট এলাকায় সকালের নাস্তা করতে যাচ্ছিল। এসময় তিনি পান্না চত্বর এলাকা পার হলে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ বেলায়েত হোসেন বলেন, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।

