মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া গ্রামে বসন্ত আশ্চর্য (৫২) নামে এক ব্যক্তি গলায় নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রবিবার (১২) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিটের মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে।
নিহত বসন্ত আশ্চর্য বহরপুর গ্রামের মৃত জগবন্ধু আশ্চর্যের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক আলসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং রোগের যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না।
ঘটনার সময় পরিবারের অগোচরে নিজ শয়নকক্ষে ঘরের বাঁশের আড়ার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন তিনি।
পরে তার স্ত্রী চন্দনা আশ্চর্য তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। তারা দ্রুত রশি কেটে তাকে নিচে নামালেও ততক্ষণে তিনি মারা গেছেন।
পরে বিষয়টি বালিয়াকান্দি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

