মোঃ আমিরুল হক,জেলা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভাণ্ডারিয়া বাজার এলাকায় অবস্থিত ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। বিদ্যালয়ের পাশের একটি পুকুরে মাটি খননের কারণে যে কোনো সময় ভবন ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, পুকুরটির মালিক শশাঙ্ক কুমার ভক্ত। প্রতিবছর বর্ষা মৌসুমে পুকুরের পানির চাপ ও ভাঙনের ফলে বিদ্যালয়ের জমি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। ইতোমধ্যে কয়েক শতাংশ জমি পুকুরে বিলীন হয়ে গেছে, যা পুরো শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ঝুঁকির মুখে ফেলেছে।
স্থানীয়দের দাবি, পুকুরের মাটি ব্যবসায়ী আজিজুল ও শফিকুলের কাছে বিক্রি করা হয়েছে। ফলে পুনরায় খননকাজ শুরু হলে বিদ্যালয়ের পাশাপাশি নিকটবর্তী ইউনিয়ন পরিষদ ভবন ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানও হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে শশাঙ্ক কুমার ভক্ত বলেন, তিনি তার নিজস্ব জমির মাটি বিক্রি করেছেন এবং নিজের জমিতে মাটি কাটার অধিকার তার রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার জানান, ১৯৭৩ সালে কাজী আব্দুল মজিদ ও সতেন্দ্র মোহন ভক্ত ৩৩ শতাংশ জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রায় ৪ থেকে ৫ শতাংশ জমি পুকুরে বিলীন হয়ে গেছে। জমির সীমানা নির্ধারণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বর্তমানে বিদ্যালয়টিতে ১৬২ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। শিক্ষক ও স্থানীয়দের মতে, পুকুরপাড়ে সুরক্ষামূলক বাঁধ নির্মাণ করা হলে ভাঙন রোধ করা সম্ভব।
তারা আরও জানান, বর্ষা মৌসুমে পানির স্তর বৃদ্ধি পেলে শিক্ষার্থীদের নিয়ে চরম আতঙ্কে থাকতে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা পুকুর খনন বন্ধসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

