ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীছড়িতে ইয়ুথ গ্রুপের উদ্যোগে ভোটাধিকার বিষয়ে সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক আয়োজন

admin
ডিসেম্বর ২২, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

রমজান আলী জিসান, লক্ষীছড়ি উপজেলা প্রতিনিধি:

লক্ষীছড়ি উপজেলায় ইয়ুথ গ্রুপ ও নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দেওয়ান পাড়া ও সাঁওতাল পাড়ায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

উপজেলা তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার ও নাগরিক সংহতি জোরদারে দিনব্যাপী এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড সরকারের বাংলাদেশ দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আস্থা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মো. মোবারক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুপান্তর এনজিওর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা এবং লক্ষ্মীছড়ি, দুল্যাতলী ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

অনুষ্ঠানের শুরুতে সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক আয়োজন শুরু হয়। পরে ভোটাধিকার বিষয়ে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়, যেখানে জালভোট ও অনৈতিক প্রভাব প্রতিরোধের বার্তা তুলে ধরা হয়। নাটিকার পর ঐতিহ্যবাহী চাকমা পটগান ও নৃত্য পরিবেশিত হয়।

বিশেষ অতিথিদের বক্তব্যে ভোটাধিকার প্রয়োগে সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। প্রধান অতিথি সাবিনা ইয়াসমিন লুবনা বলেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর পারস্পরিক আস্থা ও সহাবস্থান নিশ্চিত করতে নাগরিক সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় ‘আস্থা’ প্রকল্প বাস্তবায়ন করছে, যা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় এবং রুপান্তর এনজিওর কারিগরি সহযোগিতায় পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।